EN ☀️
×

Follow Us

অর্থনীতি

চুক্তি সই

বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজ ব্যবহারের সুযোগ পেল কর্মসংস্থান ব্যাংক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডাটাবেইজ ব্যবহারের সুযোগ পেল কর্মসংস্থান ব্যাংক
অ অ

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডাটাবেইজে প্রবেশাধিকার পেয়েছে কর্মসংস্থান ব্যাংক। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পক্ষে পরিচালক মো. শফিকুল ইসলাম এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় কর্মসংস্থান ব্যাংক নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত ঋণ-সংক্রান্ত তথ্য যাচাই ও ব্যবহারের সুযোগ পাবে। এটি ব্যাংকটির ঋণঝুঁকি মূল্যায়ন, তথ্যভিত্তিক ঋণ সিদ্ধান্ত গ্রহণ এবং ঋণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে সহায়ক হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) আশীষ কুমার রায়।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান বলেন, এ চুক্তির মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক ঋণগ্রহীতাদের ঋণ-সংক্রান্ত তথ্য আরো কার্যকরভাবে যাচাই করতে সক্ষম হবে, যা ব্যাংকটির ঋণ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ ও আর্থিক সেবার মানোন্নয়নে সহায়ক হবে। তিনি সিআইবি ডাটাবেইজে সঠিক ও হালনাগাদ তথ্য রিপোর্টিং, তথ্যের যথাযথ ব্যবহার এবং বিদ্যমান নীতিমালা পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি আশীষ কুমার রায় সিআইবি ডাটাবেইজে নির্ভুল তথ্য প্রেরণ ও যাচাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তথ্য ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বলেন, সিআইবি ডাটাবেইজে প্রবেশাধিকারের ফলে ব্যাংকের ঋণ কার্যক্রম আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরাপদ হবে এবং ঋণঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিআইবির অতিরিক্ত পরিচালক শ্যামল কুমার মজুমদার সিআইবির প্রতিষ্ঠা, ক্রমবিকাশ ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন এবং সিআইবি ডাটাবেইজে সঠিক ও নির্ভুল তথ্য প্রেরণ, তথ্য যাচাই ও বিদ্যমান নীতিমালা অনুসরণের গুরুত্ব ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকবৃন্দসহ সিআইবির পরিচালক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মাহফুজুর রহমান খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইবির সহকারী পরিচালক জনাব মার্জিয়া শরমিন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ চুক্তি কর্মসংস্থান ব্যাংকের ঋণতথ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, ঋণ কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক ঋণশৃঙ্খলা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন