বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে নতুন অর্থায়ন পরিকল্পনা আইএফএডির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বাড়ানো ও জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের নতুন পরিকল্পনা করছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)। সংস্থাটির পরবর্তী অর্থায়ন চক্রে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় শেষ হওয়া আইএফএডির তিন দিনের এক সফরে এ বিষয়ে আলোচনা হয়। সংস্থাটির দেশ পরিচালনা কার্যক্রমবিষয়ক সহযোগী ভাইস প্রেসিডেন্ট ডোনাল ব্রাউনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সফর করে।
সফরকালে ডোনাল ব্রাউন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বেসরকারি খাত, গ্রামীণ অর্থায়ন খাতের অংশীদার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করেন তিনি। আলোচনায় অংশ নেয় জাতিসংঘের কান্ট্রি টিম, বিশ্বব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের দূতাবাসের প্রতিনিধিরা।

আলোচনায় আইএফএডির পরবর্তী অর্থায়ন চক্র (আইএফএডি-১৪), গ্রামীণ মূল্যশৃঙ্খলে বেসরকারি বিনিয়োগ এবং বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে অব্যাহত সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়। ২০২৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত চলবে আইএফএডির এই অর্থায়ন চক্র। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির বিষয়টিও আলোচনায় আসে।
আইএফএডির বর্তমান অর্থায়ন চক্রে (আইএফএডি-১৩) বাংলাদেশের জন্য বরাদ্দ ১২ কোটি ১৪ লাখ মার্কিন ডলারের পুরো অর্থই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। দেশে সংস্থাটির চলমান ছয়টি প্রকল্পে মোট অর্থায়নের পরিমাণ প্রায় ২০০ কোটি ডলার। এসব প্রকল্পে আইএফএডির প্রতি ১ ডলারের বিপরীতে সরকার ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় ৬ ডলার আসছে।
এদিকে আইএফএডির ১৪তম পুনঃঅর্থায়ন কর্মসূচিতে ২০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। গত ৪৮ বছরের অংশীদারত্বের ধারাবাহিকতায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ গ্রামীণ এলাকায় জলবায়ু সহনশীলতা বাড়ানো, গ্রামীণ অর্থায়ন ও উদ্যোগ সম্প্রসারণ এবং তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
ডোনাল ব্রাউন বলেন, শক্তিশালী জাতীয় উদ্যোগের মাধ্যমে কী অর্জন করা সম্ভব, বাংলাদেশ তা দেখিয়েছে। গ্রামীণ মানুষের জন্য মানসম্মত কর্মসংস্থান, বাজারে ন্যায্য প্রবেশাধিকার এবং সংকট মোকাবিলার সক্ষমতা প্রয়োজন। কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এসব নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আইএফএডি-১৪-এর মাধ্যমে সরকারি সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। এতে ক্ষুদ্র উৎপাদক ও গ্রামীণ উদ্যোগগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশীদার হতে পারবে।
বাংলাদেশে আইএফএডির কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি ভ্যালেন্টাইন আচানচো বলেন, বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গে সংস্থাটির সহায়তার সমন্বয় করাই তাদের লক্ষ্য। সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছরের শুরুতে নতুন বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নেতৃত্বে এ কার্যক্রম শুরু হবে।
ভ্যালেন্টাইন আচানচো আরও বলেন, মাঠপর্যায়ে দ্রুত প্রকল্প বাস্তবায়ন ও অংশীদারত্ব জোরদারে গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি সম্পদ যেন গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে কাজে লাগে, তা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
১৯৭৮ সাল থেকে বাংলাদেশে ৩৯টি প্রকল্পে ১১৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে আইএফএডি। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটি সংস্থাটির সবচেয়ে বড় দেশভিত্তিক কর্মসূচি। এসব প্রকল্পের মাধ্যমে ১ কোটি ১৭ লাখের বেশি পরিবার উপকৃত হয়েছে।