ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বসছে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’
২০২৫ সালে সাও পাওলোতে প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করা হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: রিয়াজ আহমেদ সুমন
ব্রাজিলের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ও বাণিজ্যিক সুযোগ বাড়াতে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)।
আগামী ২২ থেকে ২৫ মার্চ ২০২৭ ব্রাজিলের সাও পাওলো শহরে চার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রবিবার (৯ নভেম্বর) ঢাকার বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
বিবিসিসিআই জানায়, ২০২৫ সালে সাও পাওলোতে প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করা হয়। ওই প্রদর্শনীতে বাংলাদেশি পণ্য তুলে ধরা এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে দ্বিতীয় এক্সপো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। স্বাগত বক্তব্য দেন বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবদিন।
উপস্থাপনায় বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্য, রপ্তানি বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
এক্সপোতে বাংলাদেশের তৈরি পোশাক, ডেনিম, জুতা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য ও হিমায়িত সামুদ্রিক খাদ্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের সুযোগ থাকবে। পাশাপাশি ব্রাজিলের তুলা, চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা ও কৃষিপণ্য আমদানির সম্ভাবনাও তুলে ধরা হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে বাংলাদেশের উৎপাদনকারী, রপ্তানিকারক ও উদ্যোক্তাদের সঙ্গে ব্রাজিলের আমদানিকারক, পরিবেশক, পাইকারি ব্যবসায়ী, খুচরা বিক্রেতা ও বিনিয়োগকারীদের যোগাযোগের সুযোগ তৈরি হবে। সরাসরি ব্যবসায়িক বৈঠক, রপ্তানি আদেশ সংগ্রহ, পরিবেশক নিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এক্সপোতে অংশ নিতে ৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে। প্রাথমিক নিবন্ধন চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। নিয়মিত নিবন্ধন করা যাবে ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
বিবিসিসিআই আশা করছে, এ আয়োজনের মাধ্যমে ব্রাজিলসহ লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়বে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।