দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগ প্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান (অব:), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান পরিপালনে তিনি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে যোগদানের আগে বর্তমান পদ থেকে তাঁর পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে জানাতে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসিকে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।