বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের বার্ষিক কোটা বাড়াল বাংলাদেশ ব্যাংক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন।
এত দিন এ সীমা ছিল ১২ হাজার ডলার।
রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এটি সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত চাহিদা এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় বার্ষিক কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় চিকিৎসা, পরিবার পরিদর্শন ও পর্যটনসহ বৈধ কাজে বিদেশ ভ্রমণকারীরা আগের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন।
তবে ভ্রমণ কোটার পরিমাণ বাড়লেও নগদ ডলার নেওয়ার নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। বিদ্যমান নিয়ম অনুযায়ী, একজন ভ্রমণকারী বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট হিসেবে সঙ্গে নিতে পারবেন।
অর্থাৎ, ১৮ হাজার ডলারের বার্ষিক কোটার বাকি অংশ ট্রাভেল কার্ড কিংবা আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে।
১২ বছরের কম বয়সী শিশুদের জন্য বরাদ্দের নিয়মও অপরিবর্তিত রয়েছে। তারা প্রাপ্তবয়স্কদের নির্ধারিত মোট সীমার ৫০ শতাংশ, অর্থাৎ সর্বোচ্চ ৯ হাজার ডলার পর্যন্ত ব্যবহার করতে পারবে।
