EN ☀️
×

Follow Us

অর্থনীতি

কসমেটিকার দ্বিতীয় দিনে রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

স্পিন করলেই উপহার, হারল্যান স্টোরে ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন দর্শনার্থীরা

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

কসমেটিকার দ্বিতীয় দিনে রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড়। ছবি: ডেইলি সান

অ অ

আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি বিশেষ ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রম আয়োজন করায় প্যাভিলিয়নজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল নম্বর ৪-এ আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই রিমার্কের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্যাভিলিয়নের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন।

রিমার্কের ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রমে অংশ নিয়ে দর্শনার্থীরা পাচ্ছেন বিভিন্ন পণ্যের উপহার। পাশাপাশি স্পিনের মাধ্যমে যেকোনো হারল্যান স্টোরে ১২ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাওয়ার সুযোগও থাকছে। আকর্ষণীয় এই অফারের কারণে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ। উপহার ও ছাড় পাওয়ার আশায় অনেকে প্যাভিলিয়নের সামনে সারিবদ্ধভাবে অপেক্ষা করেন।

তবে শুধু উপহার বা ছাড়ের কার্যক্রমই নয়, বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রতিও দর্শনার্থীদের আগ্রহ ছিল লক্ষণীয়। প্যাভিলিয়নে প্রদর্শিত পণ্যের গুণগত মান, প্যাকেজিং, ব্যবহারবিধি ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আগ্রহ নিয়ে জানতে চান তারা। বিশেষ করে রিমার্কের লিলি, নিওর, সিওডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য ঘুরে দেখেন দর্শনার্থীরা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের সক্ষমতা দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেন।

রিমার্কের প্যাভিলিয়নে আধুনিক উৎপাদন প্রযুক্তি, পণ্যের বৈচিত্র্য, আকর্ষণীয় প্যাকেজিং এবং গুণগত মান নিশ্চিতের সক্ষমতাও তুলে ধরা হচ্ছে। ফলে সাধারণ দর্শনার্থীর পাশাপাশি উদ্যোক্তা, ব্যবসায়ী, মেকআপ শিল্পী ও কসমেটিকস শিল্পসংশ্লিষ্টরাও প্যাভিলিয়নটি পরিদর্শন করছেন।

রিমার্ক-হারল্যান কর্তৃপক্ষ জানায়, কসমেটিকা ঢাকা ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে শুধু পণ্য প্রদর্শন নয়, বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের সক্ষমতা দর্শনার্থী ও আন্তর্জাতিক অংশীজনদের সামনে তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য। তাদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশের কসমেটিকস শিল্পের উৎপাদন সক্ষমতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও রপ্তানি সম্ভাবনা তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান, বিনিয়োগ ও নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে কসমেটিকা ঢাকা ২০২৬। রিমার্ক-হারল্যান গ্রুপ এই প্রদর্শনীর সহযোগী হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি বড় পরিসরে প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে।

প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের অনেকে বলেন, একসঙ্গে বিভিন্ন দেশের কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড দেখার পাশাপাশি বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। রিমার্কের প্যাভিলিয়নের বিশেষ স্পিন কার্যক্রম এবং পণ্য উপহার ও ছাড়ের সুযোগ এই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।

তিন দিনের এই আন্তর্জাতিক প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আরও পড়ুন