কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ পরিদর্শনকালে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি।
এ সময় বাংলাদেশে উৎপাদিত প্রতিষ্ঠানটির বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য সম্পর্কে খোঁজ নেন এবং তাদের উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে কসমেটিকস উৎপাদনের সক্ষমতা বাড়ছে। রিমার্কের দেখানো পথে বাংলাদেশ এ খাতে আমদানিনির্ভর দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা দেশে তৈরি হচ্ছে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
রিমার্ক-হারল্যানের পরিচালক (ফার্মা) সুকান্ত দাস বলেন, কসমেটিকা ঢাকা ২০২৬ আন্তর্জাতিক ব্যবসায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করেছে।
এ ধরনের আয়োজন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে সহায়ক হবে।
আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশ নিয়েছে। রিমার্ক-হারল্যানের উৎপাদন কার্যক্রম আধুনিক ও মানসম্মত উৎপাদন পদ্ধতি, আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইসলামী বিধিবিধানসম্মত উৎপাদন মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন বাজারে সম্প্রসারিত হচ্ছে।