সেপ্টেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি: সংগৃহীত
সেপ্টেম্বর মাসেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না। আগের নির্ধারিত দামেই ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত জুন মাসের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। ওই দাম জুলাই ও আগস্ট মাসেও অপরিবর্তিত ছিল।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। এবারও সেই নিয়মে সেপ্টেম্বর মাসের জন্য দাম অপরিবর্তিত রাখা হয়েছে।