চট্টগ্রাম বন্দরে ১২৬ কনটেইনার পণ্য ধ্বংসের উদ্যোগ
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
এসব কনটেইনারে থাকা মোট ৩ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হবে।
ধ্বংসযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ এবং ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইমস্টোন। এ ছাড়া কমলা, পেঁয়াজ, কাজুবাদামসহ বিভিন্ন পচনশীল ও নষ্ট পণ্য রয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে নির্ধারিত স্থানে এসব পণ্য ধ্বংসের কাজ শুরু হয়েছে। কার্যক্রমটি এখনো চলছে।
ধ্বংস কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার এবং স্থানীয় বন্দর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বন্দরে পড়ে থাকা পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম কনটেইনার জট কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে নিলাম-অযোগ্য ও ধ্বংসযোগ্য পণ্য পর্যায়ক্রমে ধ্বংসের কার্যক্রম অব্যাহত থাকবে।