EN ☀️
×

Follow Us

অর্থনীতি

প্রবাসী আয়ে আগস্টের শুরুতেই বড় উল্লম্ফন, রেকর্ডের আভাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম

প্রবাসী আয়ে আগস্টের শুরুতেই বড় উল্লম্ফন, রেকর্ডের আভাস
অ অ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি আগস্টের প্রথম আট দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ৯১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে এই অর্থের পরিমাণ প্রায় ১১ হাজার ২২৭ কোটি টাকা।

রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে রেমিট্যান্সের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আগস্টের প্রথম আট দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ৫০০ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে দৈনিক গড় রেমিট্যান্স ছিল ৮ কোটি ৭ লাখ ২৯ হাজার ৬৬৭ ডলার।

এ হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় এবার আগস্টের শুরুতেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

চলতি ২০২৬–২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩৭৭ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ অর্থবছরের এক মাস আট দিনেই এই পরিমাণ প্রবাসী আয় এসেছে।

আগস্টের প্রথম আট দিনের রেমিট্যান্সের বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ৬৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার।

এ ছাড়া দেশে কর্মরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ লাখ ৫০ হাজার ডলার।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি আগস্টে আগের অনেক রেকর্ড ছাড়িয়ে যেতে পারে প্রবাসী আয়।

আরও পড়ুন