EN ☀️
×

Follow Us

অর্থনীতি

করদাতাদের জন্য এনবিআরের সতর্কবার্তা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

করদাতাদের জন্য এনবিআরের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

অ অ

কর নথি (ফাইল) অডিটে পড়ার কথা বলে এক শ্রেণির প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দিয়ে কোনো অবস্থাতেই আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রবিবার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে দাবি করছে, তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।

এ পরিস্থিতিতে করদাতাদের সচেতন থাকার আহ্বান জানিয়ে চারটি নির্দেশনা দিয়েছে এনবিআর।

প্রথমত, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।

দ্বিতীয়ত, কর-সংক্রান্ত সব অর্থ কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

তৃতীয়ত, সন্দেহজনক ফোনকল, এসএমএস বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

চতুর্থত, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই সন্দেহভাজন প্রতারক চক্রের হাত থেকে কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন