বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক: প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:০৫ পিএম
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাজার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে পণ্য সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলে তাদের মতামত নেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরা সার্বিক বাজার পরিস্থিতি সরাসরি দেখার চেষ্টা করেছি। বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও সন্তোষজনক মনে হয়েছে।’
এবারের বাজেটকে ‘জনবান্ধব’ উল্লেখ করে মো. শরীফুল আলম বলেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যে কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
‘বিগত বছরগুলোতে বাজেট ঘোষণার পর বাজারে যেভাবে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যেত, এবার তা পরিলক্ষিত হয়নি। কারণ এবারের বাজেট জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে।’
বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বিত এবং নিবিড় তদারকির ফলেই বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রয়েছে। এ সময় অহেতুক কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রীর কারওয়ান বাজার পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমা এবং বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।