আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে সতর্কবার্তা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাধারণ মানুষ ও চাকরিপ্রার্থীদের এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে বলা হয়েছে।
সোমবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী সংস্থাটির শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে বিভিন্ন এলাকায় একটি চক্র মিথ্যা আশ্বাস দিয়ে চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে, দেশের বিভিন্ন স্থানে একটি প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
এনবিআর জানায়, স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় যারা চাকরি পাবেন, তাদেরও অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে; এমন মিথ্যা প্রচারণার মাধ্যমে প্রতারণা করাই এ চক্রের মূল উদ্দেশ্য। যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারও কারও কাছ থেকে নেওয়া অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে। তবে, যারা নিয়মিত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ এই চক্রটি আত্মসাৎ করবে।
জনসচেতনতার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।
এনবিআর জনগণকে আরও সতর্ক করে জানিয়েছে, চাকরি দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর কমিশনারের দপ্তর বা এনবিআরের জনসংযোগ কর্মকর্তাকে জানাতে হবে। অভিযোগ জানানোর জন্য টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ইমেইল [email protected] ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।