কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন জ্যেষ্ঠ ব্যাংকার নূরুল আমিন
৪৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার অক্সফোর্ড-কেমব্রিজ থেকে ডিপ্লোমাধারী
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:২৯ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ নূরুল আমিন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩-এর ৭ অনুচ্ছেদ অনুসারে তাঁকে পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছর তিনি এ পদে নিযুক্ত থাকবেন।
মোহাম্মদ নূরুল আমিন ৪৩ বছরেরও বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের হাত ধরে তাঁর ব্যাংকার জীবনের সূচনা হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক তাঁকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত করে। একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরের আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
ব্যাংক এমডি হিসেবে মোহাম্মদ নূরুল আমিন একাধারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মোহাম্মদ নূরুল আমিন দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।
নিয়োগের বিষয়ে মোহাম্মদ নূরুল আমিন গণমাধ্যমকে বলেন, ‘কৃষি ব্যাংক দেশের কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক। এ ব্যাংকটিকে সফল করার মাধ্যমে দেশের কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব। সরকার প্রয়োজন মনে করে আমাকে কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। আশা করছি, আমার ওপর অর্পিত দায়িত্ব আমানতদারিতার সঙ্গে পালন করতে পারব।’