EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আইসিসিবিতে চলছে ফুড এগ্রো মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো

১৫টি দেশের প্রায় ১০০টি কোম্পানি ১৬০টিরও অধিক বুথ নিয়ে অংশ নিচ্ছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

আইসিসিবিতে চলছে ফুড এগ্রো মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো-২০২৬’।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় আইসিসিবির ৪ নম্বর হলে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেমস-গ্লোবালের আয়োজনে এই এক্সপো আগামী ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

এবারের এক্সপোতে বাংলাদেশসহ ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টি দেশের প্রায় ১০০টি কোম্পানি ১৬০টিরও অধিক বুথ নিয়ে অংশ নিচ্ছে।

এক্সপোতে একাধিক আন্তর্জাতিক প্রদর্শনী একসঙ্গে আয়োজন করা হয়েছে। গুলনকশা হল-১-এ অনুষ্ঠিত হচ্ছে ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ ও ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’। পুষ্পগুচ্ছ হল-২-এ চলছে ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ ও ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। এছাড়া নবরাত্রি হল-৪-এ অনুষ্ঠিত হচ্ছে ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬’, ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’ এবং ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’। রাজদর্শন হল-৩-এ আয়োজন করা হয়েছে ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’।

উল্লেখযোগ্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নেসলে বাংলাদেশ, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড, হামদর্দ ল্যাবরেটরিজ, মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড প্রভৃতি। এবারের ফুড এক্সপোতে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে 'কফি ফেস্ট', যেখানে কফি বিন, কফি পণ্য ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবালের (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক) প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মহসীন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ডিরেক্টর জেনারেল গাজী এ কে এম ফজলুল হক, এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নির্বাহী কমিটির সদস্য মির্জা সজীব রায়হান।

আরও পড়ুন