বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামে ৪০০ কোটির বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
‘ডলারের দরপতন রোধ ও রিজার্ভ বাড়াতে চলতি অর্থবছরে এ পর্যন্ত ৪.১৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক; সোমবার ১৬ ব্যাংক থেকে কেনা হয়েছে ২১৮ মিলিয়ন ডলার।’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
চলতি অর্থবছরে বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এ পর্যন্ত ৪ বিলিয়ন ডলারের বেশি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতেই বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪ দশমিক ১৫ বিলিয়ন (৪১৫ কোটি) ডলার কিনেছে। সোমবার ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে ফেব্রুয়ারি মাসে ২১৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।’
মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণে ডলার সরবরাহ বেশি রয়েছে। এজন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে।
২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ। এটি ২০২৫ সালের একই মাসের চেয়ে ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। আগের বছর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।
এর আগে ২০২৫ সালের মার্চ মাসে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠান ৩২৯ কোটি ডলার। আর একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার রেমিট্যান্স পায় দেশ।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূলত রপ্তানিকারকদের সমর্থন ও রেমিট্যান্স প্রবাহ বজায় রাখার জন্য ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দরপতন রোধে এ কৌশল অবলম্বন করা হচ্ছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনার মাধ্যমে ডলারের দরের সমপরিমাণ টাকাও ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করেছে।