EN ☀️
×

Follow Us

অর্থনীতি

জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘বিসিএমইএ এক্সিবিউটর নাইট’ অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘বিসিএমইএ এক্সিবিউটর নাইট’ অনুষ্ঠিত
অ অ

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চলমান চারদিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫–এর অংশ হিসেবে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো বর্ণিল আয়োজন ‘বিসিএমইএ এক্সিবিউটর নাইট ২০২৫’। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এবং সহ-আয়োজক এইচএলটি-ডিএলটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘একসময় শতভাগ আমদানি নির্ভর ছিল দেশের সিরামিক শিল্প। এখন দেশীয় চাহিদা মিটিয়ে এই শিল্প বিশ্ববাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে। বিদেশি বিনিয়োগ বাড়ছে—যা সেক্টরটির জন্য অত্যন্ত ইতিবাচক।’

পরে এক্সিবিউটরদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএমইএ’র প্রেসিডেন্ট মইনুল ইসলাম, ফেয়ার কমিটির চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ এবং আব্দুল হাকিম সুমন।

বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, ‘সরকার নির্দিষ্ট কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করলে সিরামিক শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে পারে। সেই লক্ষ্য বাস্তবায়নে বিসিএমইএ ধারাবাহিকভাবে কাজ করছে।’

চতুর্থবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে এবার অংশ নিচ্ছে বাংলাদেশসহ ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান এবং ৩০০টি ব্র্যান্ড। এক্সপোতে রয়েছে উচ্চমানের কাঁচামাল, যন্ত্রপাতি, প্রযুক্তি প্রদর্শনীসহ তিনটি সেমিনার, জব ফেয়ার, বি-টু-বি ও বি-টু-সি মিটিং এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচন।

দেশের সিরামিক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন