EN ☀️
×

Follow Us

ফিচার

স্ট্রেস দূর করবে বড়দের রং করার বই

ফিচার ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

স্ট্রেস দূর করবে বড়দের রং করার বই

ছবি: ম্যান্ডেলা আর্ট, বোল্ড প্যাটার্নের রং করার বইগুলো স্ট্রেস কমায়। তাই বড়দের এই রং করার বইগুলোর জনপ্রিয়তা বাড়ছে। সংগৃহীত

অ অ

ভাবছেন কালারিং বুক বা রং করার বই কেবল শিশুদের জন্য? আবার ভাবুন। এখন বইজুড়ে রং করছে বড়রাও। বর্তমানের ব্যস্ত জীবনে প্রাপ্তবয়স্কদের জন্য ভেতরের শিল্পসত্তাকে প্রকাশ করার এবং স্ট্রেস দূর করার দারুণ এক উপায় হয়ে উঠেছে এই ‘অ্যাডাল্ট কালারিং বুক’।

বিদেশের পাশাপাশি বাংলাদেশেও এই কালারিং বুক বা রং করার বইয়ের জনপ্রিয়তা বাড়ছে। আমাজনের ১০টি সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায়ও রয়েছে এডাল্ট রং করার বইগুলো। একাকীত্ব কাটানো, মোবাইল আসক্তি কাটানো, অবসরে অথবা শৈশবের ছবি আঁকার অভ্যাসকে ফের চাঙা করতে বড়দের রঙ করার বইগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে।

নিউ জার্সির থেরাপিস্ট কারা মাক্সিমো বলেন, এগুলো ‘মাইন্ডফুলনেস’ বা সচেতনতা তৈরির জন্য চমৎকার। যা বর্তমানে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

বিজ্ঞান কী বলে?

২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে, দৈনিক গড়ে ৫০ মিনিট আর্ট থেরাপিতে অংশ নিলে মেজাজ ভালো হয় এবং ব্যথা ও উদ্বেগ কমে। এর সহজ ও পুনরাবৃত্তিমূলক নড়াচড়া মস্তিষ্কের ভয় নিয়ন্ত্রণকারী কেন্দ্র ‘অ্যামিগডালা’কে শিথিল করে। 

২০১৫ সালের আরেকটি সমীক্ষা জানাচ্ছে, নীল বা সবুজের মতো শীতল রং মন শান্ত করে এবং লাল বা কমলার মতো উষ্ণ রং শক্তি জোগায়।

জীবনযাত্রায় চমৎকার বদল

আজকাল অতিরিক্ত সিদ্ধান্তের চাপে আমরা ‘ডিসিশন ফ্যাটিগে’ বা সিদ্ধান্তহীনতায় ভুগি। রং করা এই দ্বিধাদ্বন্দ্বকে মাত্র দুটি সিদ্ধান্তে নামিয়ে আনে। কোন পাতা আর কোন রং! 

তাছাড়া ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপের বদলে কালারিং বুক বেছে নিলে স্ক্রিনের নীল আলো এড়ানো যায়। ফলে  ঘুম গভীর হয় এবং চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। ব্রেইনকে সচল রেখে নতুন নতুন আইডিয়ার জন্ম দেয়।

কর্মক্ষেত্রেও এর দারুণ প্রভাব লক্ষ্য করা গেছে। হাত ও আঙুলের কার্যকারিতা বজায় রেখে এটি বার্ধক্যকেও সুন্দরভাবে বরণ করতে সাহায্য করে।

বড়দের রং করার বই কেমন হয়?

জ্যামিতিক ও বৃত্তাকার জটিল নকশার ম্যান্ডালা আর্টের বইগুলো মনোযোগ বাড়াতে সবচেয়ে কার্যকর। এছাড়া সহজ ও আদুরে ছবি আছে যা সহজ প্যাটার্নের যেমন-  পশু-পাখি, ফুল, লতা পাতা, অ্যানিমেটেড থিমের বই- এগুলো শিল্পসত্ত্বা জাগাতে সহায়ক।

কোথায় পাওয়া যায়?

আমাদের দেশে বিভিন্ন ই-কমার্স সাইটগুলোতে এই বইগুলো সহজলভ্য। এছাড়া রাজধানীর দেশি-বিদেশি বইয়ের চেইন আউটলেট ও বই বিক্রির সাইটগুলোতে খোঁজ করলেও পেয়ে যাবেন।   

শুরু হোক ব্যস্ত যান্ত্রিক জীবনে শৈশবের ম্যাজিক। মানসিক চাপ বা স্ট্রেস কমাতে বড়বেলার রং করার শখ আপনার একাকী সময়কে রঙিন করে তুলবে।

আরও পড়ুন