EN ☀️
×

Follow Us

খাবার-দাবার

সুস্থ থাকতে কি পরিমাণ খাওয়া উচিত?

একজন মানুষের খাবারের প্রয়োজন নির্ভর করে তার বয়স, লিঙ্গ, উচ্চতা, ওজন এবং দৈনন্দিন পরিশ্রমের ওপর।

বিবিসি বাংলা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম

সুস্থ থাকতে কি পরিমাণ খাওয়া উচিত?

ছবি: সংগৃহীত

অ অ

গত কয়েক বছরে আমাদের খাদ্যাভ্যাসে এবং খাবার পরিবেশনের ধরনে বেশ পরিবর্তন এসেছে। এখন অনেক ক্ষেত্রেই গড়ে প্রতিটি থালায় খাবারের পরিমাণ বেড়ে গেছে। যদিও কে কতটা খাবেন তা ব্যক্তি নির্ভর, কিন্তু গবেষণায় দেখা গেছে, আমরা যে প্লেটে খাই তার আকার এবং পরিবেশন করা খাবারের পরিমাণ আমাদের খাওয়ার পরিমাণকে প্রভাবিত করে।

লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস স্টাবস ব্যাখ্যা করেছেন, যখন মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খায়, তখন তাদের খাদ্যাভ্যাসে এমন কিছু পরিবর্তন আসে যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আকর্ষণীয় বিজ্ঞাপন, ছাড়ের অফার, প্রি-প্যাকেটজাত খাবার এবং রেস্টুরেন্টে বড় প্লেটে বেশি খাবার পরিবেশনের কারণে মানুষ কখনো কখনো অজান্তেই বেশি খেয়ে ফেলেন।

রন্ধন বিশেষজ্ঞ ক্লেয়ার থর্নটন-উড জানান, আগের তুলনায় প্লেটের আকার বেড়ে যাওয়ায় খাবারের পরিমাণও বেড়েছে। তিনি বলেন, একজন মানুষের খাবারের প্রয়োজন নির্ভর করে তার বয়স, লিঙ্গ, উচ্চতা, ওজন এবং দৈনন্দিন পরিশ্রমের ওপর। যেমন খেলোয়াড়দের খাবারের চাহিদা বেশি, আর যারা বেশি শরীরচর্চা করেন না, তাদের কম খাওয়া যথেষ্ট।

তিনি একটি সহজ নিয়ম দিয়েছেন খাবারের পরিমাণ মাপার জন্য: হাতের তালুর সমান মাংস বা মাছ এবং দুই হাত মিলিয়ে যতটা সবজি ধরা যায়, ততটাই যথেষ্ট। সঙ্গে এক মুঠো ভাত বা পাস্তা এবং এক মুঠো ফল খাওয়াই উপযুক্ত।

অধ্যাপক স্টাবসের মতে, নারীদের দৈনিক প্রায় ২০০০ ক্যালোরি এবং পুরুষদের ২৫০০ ক্যালোরি প্রয়োজন। তবে একেক জনের চাহিদা একেক রকম, তাই গড় হিসেব সব সময় সবার জন্য প্রযোজ্য নয়।

কীভাবে অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়? এ বিষয়ে ক্লেয়ার বলেন, প্রত্যেকের খাবারের চাহিদা আলাদা হওয়ায় পরিবারের সবার জন্য এক পরিমাণ খাবার পরিবেশন না করাই ভালো। চামচ ব্যবহার করে খাবার পরিবেশন করলে পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

শুধু খাবারের পরিমাণ নয়, কী খাওয়া হচ্ছে তা-ও গুরুত্বপূর্ণ। প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার যেমন সবজি, বিনস দিয়ে তৈরি স্যুপ দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফ্যাটযুক্ত খাবারে ক্যালোরি বেশি থাকলেও, তা পরিমিত পরিমাণে (যেমন মাছ, বাদাম, অলিভ অয়েল) খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

অধ্যাপক স্টাবসের মতে, খুব বেশি প্রক্রিয়াজাত খাবার না খাওয়াই ভালো। তবে পছন্দের খাবার পুরোপুরি বাদ না দিয়ে, ডায়েটের ৮০ শতাংশ পুষ্টিকর এবং ২০ শতাংশ পছন্দের খাবার রাখলে ভারসাম্য বজায় রাখা যায়।

উভয় বিশেষজ্ঞই মনে করেন, বেশি খাচ্ছি কি না তা নিয়ে দুশ্চিন্তা না করে বরং সচেতনভাবে পরিমিত খাবার খাওয়াই শরীর ও মনের জন্য ভালো।

আরও পড়ুন