নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত ৩০
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম
ছবি: সংগৃহীত
নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক রয়েছেন। অন্যরা বাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান এসআই আলমগীর হোসেন।