EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাবিতে বিরল প্রজাতির ধুম কাছিম উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৮ এএম

জাবিতে বিরল প্রজাতির ধুম কাছিম উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির বিপন্ন ধুম কাছিম।

অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস থেকে বিপন্ন প্রজাতির একটি বিরল ‘ধুম কাছিম’ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সড়ক থেকে বন্যপ্রাণী সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার কাছিমটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত কাছিমটির খোলসের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার, প্রস্থ ৪৬ সেন্টিমিটার এবং ঘাড়ের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। 

অরিত্র জানান, প্রাথমিকভাবে পরীক্ষা করে ধুম কাছিমটিকে সুস্থ মনে হয়েছে। তবে জন্মগতভাবে এর সামনের ডান পা নেই। কচ্ছপটিকে তার বাসার সুইমিং পুলে অল্প পানির মধ্যে রাখা হয়েছে। একজন পশুচিকিৎসককে ডাকা হয়েছে। পাশাপাশি বন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

প্রাণিবিজ্ঞানী অধ্যাপক ড. এম এ আজিজ জানান, কাছিমটি অত্যন্ত বিরল এবং এটি এই অঞ্চলের স্থানীয় কোনো প্রজাতি নয়। সাধারণত বড় নদীতে এই ধরনের কাছিমের দেখা মেলে। কেউ হয়তো কাছিমটিকে বাইরে থেকে এনে ক্যাম্পাসের কোনো পুকুরে ছেড়ে দিয়েছিল।

উল্লেখ্য, এই ধুম কাছিমের বৈজ্ঞানিক নাম নিলসোনিয়া হুরাম। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক সংস্থার (আইইউসিএন) লাল তালিকায় এই প্রজাতিটিকে ‘বিপন্ন’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন