তুরস্কে নানা আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
তুরস্কের রাজধানী আংকারায় নানা আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদ্যাপন করেছে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় তুরস্কের প্রতিরক্ষা ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ নভেম্বর সকালে আংকারায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক।
পরে দূতাবাসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের পাঠানো বাণী পড়ে শোনানো হয়। পরে সশস্ত্র বাহিনী দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মো. আমানুল হক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন দেশের অভ্যুদয়ে সশস্ত্র বাহিনীর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি জুলাই-আগস্ট ২০২৪-এর বিপ্লবে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্কও ক্রমাগত এগিয়ে যাচ্ছে। দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিবস উদ্যাপনের দ্বিতীয় পর্বে গত ২৬ নভেম্বর আংকারার টোজব হোটেলে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের সেক্রেটারি অধ্যাপক ড. হালুক গোরগুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল ড. এরজুমেন্ত তাতলিওগ্লু এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুসা হেইবেত।
এ ছাড়া তুরস্কের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক, বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, তুরস্ক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধি, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশিও অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ ও তুরস্কের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা শুরু হয়। এরপর বক্তব্য দেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই-আগস্ট ২০২৪-এর বিপ্লবে আত্মোৎসর্গকারী ও আহত ছাত্র-জনতাকে স্মরণ করেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব ও সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম প্রতিষ্ঠা করেছে। দেশে ও বিদেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে বাহিনীর ভূমিকা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায় তার বক্তব্যে।
রাষ্ট্রদূত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে সশস্ত্র বাহিনীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তার অবদানের কথাও তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, সশস্ত্র বাহিনী শুধু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কাজ করছে না। জাতীয় উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. হালুক গোরগুন তার বক্তব্যে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্ব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক আস্থার কথা তুলে ধরেন। রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
২০২৫ সালের ৮ ও ৯ জুলাই বাংলাদেশ সফরের প্রসঙ্গও উল্লেখ করেন হালুক গোরগুন। ওই সফরে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছিল বলে জানান তিনি। প্রতিরক্ষা শিল্পে দুই দেশের সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন। পারস্পরিক আস্থা, সমঝোতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রয়োজন পূরণে তুরস্ক সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান হালুক গোরগুন। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানান। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি, রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটেন। এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত নৈশভোজে অংশ নেন তারা।