EN ☀️
×

Follow Us

কূটনীতি

আবু সাঈদ-শিশু হত্যার প্রসঙ্গ তুলে আ. লীগকে অস্বস্তিতে ফেললেন হ্যারি টমাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

আবু সাঈদ-শিশু হত্যার প্রসঙ্গ তুলে আ. লীগকে অস্বস্তিতে ফেললেন হ্যারি টমাস

ছবি: ডেইলি সান

অ অ

নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাণহানি এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে কথা বলেন তিনি। তার বক্তব্যে জুলাই আন্দোলনে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ ও নারায়ণগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুর প্রসঙ্গ উঠে আসায় অস্বস্তিতে পড়েন অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্রপ্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসাইন মঞ্জু বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন, মানবাধিকার রক্ষায় বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হ্যারি কে টমাস, যা আওয়ামী লীগের জন্য কিছুটা স্বস্তিদায়ক হওয়ার কথা। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির বিষয়টি সাবেক এই মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে উঠে আসায় তা দলটির নেতাকর্মীদের জন্য পীড়াদায়ক হয়ে ওঠে।

হ্যারি কে টমাস বলেন, ‘রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে গুলি করা হয়। নারায়ণগঞ্জে ছয় বছরের একটি মেয়ে নিজের বাড়ির ছাদ থেকে সংঘর্ষ দেখার সময় নিহত হয়। তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে।’

তিনি আরও বলেন, গত দুই বছরে বাংলাদেশ এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যা অনেক দেশ ২০ বছরেও প্রত্যক্ষ করে না। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। ওই বছরের সংঘর্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারান বলেও জানান তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গেও কথা বলেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছেন। ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনের ফল নিয়ে কারও ভিন্নমত থাকতে পারে, তবে ভোটের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকৃতি পাওয়া উচিত।

গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার গুরুত্ব তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারি হুঁশিয়ার’ কবিতার প্রসঙ্গও উল্লেখ করেন হ্যারি কে টমাস। তিনি বলেন, বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়ার সময় নৌকার যাত্রীদের নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে নৌকা ডুবিয়ে না দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন কবি।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র বেছে নিয়েছে। বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে কোনো দেশের ওপর চাপিয়ে দেওয়া যায় না; জনগণকেই তা বেছে নিতে হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন