বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে ইতালি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
ছবি: মন্ত্রণালয়
বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে ইতালি। সামুদ্রিক নিরাপত্তা, উদ্ধার অভিযান ও জলদস্যুতা দমনে অভিজ্ঞতা এবং কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
এ লক্ষ্যে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো ২১ থেকে ২৫ নভেম্বর বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
বুধবার (২৫ নভেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। 
তিনি বলেন, গত ২২ নভেম্বর বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে পৌঁছালে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
সফরকালে তিনি বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 
সফরের তৃতীয় দিনে তিনি চট্টগ্রামে বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের বিভিন্ন কার্যক্রম ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় পূর্ব জোনের কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জোনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন।
সফরে গভীর সমুদ্রে টহল, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়েও আলোচনা হয়। ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্টগার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, উদ্ধার অভিযান, জলদস্যুতা দমন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
২৫ নভেম্বর সফর শেষে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এ সফরের মাধ্যমে দুই দেশের কোস্টগার্ডের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক অপরাধ দমনে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
-6b05a42c00c63.jpg)