EN ☀️
×

Follow Us

কূটনীতি

আয়ারল্যান্ডের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ এএম

আয়ারল্যান্ডের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূরে আলম আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলির কাছে তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ

অ অ

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূরে আলম আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলির কাছে তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডাবলিনে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আরাস অ্যান উখতারাইনে এক অনুষ্ঠানে তিনি এ পরিচয়পত্র পেশ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত নূরে আলম বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ও দেশটির জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাও পৌঁছে দেন।

এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আয়ারল্যান্ডে বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিত্ব, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন। 

স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস স্থাপন একটি ঐতিহাসিক মাইলফলক, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বাংলাদেশ আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে, যার অনেকটাই এখনো বাস্তবায়িত হয়নি। 

তিনি আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের আগ্রহের কথা জানান এবং ঢাকায় একটি আবাসিক আইরিশ দূতাবাস স্থাপনের আহ্বান জানান।

নবনিযুক্ত রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণকেন্দ্রিক সম্পর্ককে পারস্পরিক সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। 

বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ উৎসাহিত করা এবং স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতে আয়ারল্যান্ডের জনশক্তির চাহিদা পূরণে সহায়তা করতে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রামে আয়ারল্যান্ডকে অংশগ্রহণে আহ্বান জানান।

রাষ্ট্রদূত নূরে আলম আয়ারল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশের সুলভ শ্রমশক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রণোদনার সুবিধা নিয়ে তৈরি পোশাকের মত শ্রমঘন খাতের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করতে পারার ব্যাপারে জোর দিয়ে বলেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১৮ কোটি মানুষের সম্প্রসারণশীল ভোক্তা বাজার আইরিশ পণ্য ও সেবা রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে পরিচালনার জন্য আয়ারল্যান্ডকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের অভিন্ন অবস্থান রয়েছে।

বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আয়ারল্যান্ডের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে তাদের দৃঢ় সমর্থনের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষভাবে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা সংকট-সংক্রান্ত সাম্প্রতিক মামলায় আয়ারল্যান্ডের লিখিত বক্তব্য দাখিলের কথা তিনি স্মরণ করেন।

রাষ্ট্রপতি কনোলি বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আইরিশ সমাজ ও অর্থনীতিতে মূল্যবান অবদানের প্রশংসা করে তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ কাজ করছে বলে উভয়পক্ষ মত প্রকাশ করেন।

রাষ্ট্রপতি কনোলি আরায়ল্যান্ডে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত নূরে আলমের সাফল্য কামনা করেন এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে আইরিশ সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

আরও পড়ুন