শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ নামে নামকরণ করা সড়কটির নামফলক স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে শিকাগো সিটি কর্তৃপক্ষ।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ সড়কটির নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়।
‘Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way’ নামের সড়কটি বিশ্বখ্যাত বাংলাদেশি-আমেরিকান স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) পাশে অবস্থিত।
সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এর পাশে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ করায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে তাঁর রাজনৈতিক অবদান তুলে ধরার সুযোগ তৈরি হবে। এর আগে ২০১৪ সালে শিকাগোতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’
তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।