EN ☀️
×

Follow Us

কূটনীতি

৪ মিলিয়ন ডলার ছাড়ালো কানাডা-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

৪ মিলিয়ন ডলার ছাড়ালো কানাডা-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য

ছবি: সংগৃহীত

অ অ

২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশের নতুন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাক্ষাতে এ বিষয় উঠে আসে।

এসময় দুই দেশের বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। 

কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়িয়ে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ ও বহুমুখী করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

এসময় ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে কানাডার ৬৩০ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরেন হাইকমিশনার অজিত সিং। এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সাল থেকে কানাডার ৭০ কোটি ডলারের সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের বিষয়ও বৈঠকে উঠে আসে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

এসময় দুই পক্ষই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে ষষ্ঠ দ্বিপক্ষীয় পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শ (ফরেন পলিসি কনসালটেশন) আয়োজনের বিষয়টি স্বাগত জানানো হয়।

ঢাকায় অনুষ্ঠেয় এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্ব জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে কার্যকর ও অভিন্ন ফলাফল অর্জনের বিষয়ে একমত হন বাংলাদেশের নতুন পররাষ্ট্রসচিব ও ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার।

আরও পড়ুন