EN ☀️
×

Follow Us

কূটনীতি

স্বাস্থ্যগত কারণে পদত্যাগ: ওসমান ফারুকের প্রশংসা করলেন রাষ্ট্রদূত মুশফিকুল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

স্বাস্থ্যগত কারণে পদত্যাগ: ওসমান ফারুকের প্রশংসা করলেন রাষ্ট্রদূত মুশফিকুল
অ অ

স্বাস্থ্যগত কারণে সংসদ সদস্য পদ থেকে ড. এম ওসমান ফারুকের পদত্যাগের সিদ্ধান্তকে ইতিবাচক ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তার মতে, দায়িত্ব পালনের সক্ষমতা না থাকলেও পদ আঁকড়ে থাকার প্রবণতা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিচিত। এমন বাস্তবতায় ওসমান ফারুকের পদত্যাগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী এসব কথা লেখেন।

তিনি জানান, ড. ওসমান ফারুকের সঙ্গে তাদের পারিবারিক পরিচয় দীর্ঘদিনের। তবে ওয়াশিংটনে আসার পর তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ফারুক তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। বিশেষ করে কঠিন সময়ে তার উৎসাহ ও আন্তরিকতা পেয়েছেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী লেখেন, তাদের প্রায়ই দেখা ও কথা হয়। ফারুকের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না, তা তিনি বুঝতে পারতেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাদের বিভিন্ন উদ্যোগ ও আয়োজনে শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও ফারুক সংহতি প্রকাশ করেছেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা বেশ কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছেন।

ওসমান ফারুক এবার নির্বাচনে অংশ নেবেন, শুরুতে তা ভাবেননি মুশফিকুল ফজল আনসারী। পরে এলাকার মানুষের চাওয়া ও দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থী হন বলে জানতে পারেন।

তিনি আরও লেখেন, আজও ওসমান ফারুক ও তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তার ছোট ভাই রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকীর সঙ্গেও কথা বলেছেন তিনি। স্বাস্থ্যগত কারণেই ফারুক পদত্যাগ করেছেন। ৮৫ বছর বয়সে চিকিৎসার প্রয়োজন ও পরিবারের ইচ্ছায় তাকে ওয়াশিংটনে থাকতে হচ্ছে।

এ অবস্থায় এলাকার মানুষ প্রয়োজনের সময় তাকে কাছে পাবেন না। সেই সীমাবদ্ধতা উপলব্ধি করে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুশফিকুল ফজল আনসারীর মতে, এ সিদ্ধান্তে ওসমান ফারুকের বিবেচনাবোধ ও ভোটারদের প্রতি সম্মান প্রকাশ পেয়েছে।

পোস্টের শেষে ওসমান ফারুকের সুস্থ ও স্বস্তিময় জীবন কামনা করেন মুশফিকুল ফজল আনসারী।

আরও পড়ুন