সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িনের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ সার্বিক কৌশলগত ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।