দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার বিকেলে তিনি দেশটিতে পৌঁছান।
বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদ এবং দেশটির পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত ভারুনি মুতুকুমারানা।
সফরকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে হুমায়ুন কবিরের। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।
শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সফরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সার্বিক সহযোগিতা-সংক্রান্ত যৌথ পরামর্শক কমিশন প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করবেন তিনি।
দুই দিনের সরকারি সফর শেষে আগামী ১৯ নভেম্বর তার শ্রীলঙ্কা ত্যাগ করার কথা রয়েছে।