EN ☀️
×

Follow Us

কূটনীতি

তিন দিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন ব্রিটিশ ডাচেস সোফি

সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

তিন দিনের সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন ব্রিটিশ ডাচেস সোফি
অ অ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বহুমুখী অংশীদারত্ব আরও জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আগামীকাল বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। সফরে নারী ও মেয়েদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। প্রিন্স এডওয়ার্ড এডিনবরার ডিউক হিসেবে পরিচিত।

সফরসূচি অনুযায়ী, রাজধানী ঢাকায় পৌঁছানোর পর ডাচেস সোফিকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

সফরকালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন।

এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনের কথা রয়েছে তার। সেখানে নারী হকি খেলোয়াড়সহ উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় করবেন ডাচেস। নারীদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরিতে খেলাধুলার ভূমিকা এ আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তরুণ প্রজন্মকে নিয়ে আয়োজিত বিশেষ উদযাপনেও অংশ নেবেন তিনি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য দেবেন ডাচেস সোফি।

ঢাকায় কর্মসূচি শেষে কক্সবাজারে যাবেন তিনি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অবস্থানকালে জোরপূর্বক বাস্তুচ্যুত নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন ডাচেস। পাশাপাশি শরণার্থী শিবিরগুলোতে নারী ও শিশুদের নেতৃত্ব বিকাশ এবং সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে পরিচালিত বিভিন্ন উদ্যোগও পর্যবেক্ষণ করবেন তিনি।

আরও পড়ুন