ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ এএম
ছবি: সংগৃহীত
বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে দেশ ও প্রবাসী কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দূতাবাসের অভ্যন্তরে আয়োজিত মূল অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে নির্মিত দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা দিবসটি নিয়ে তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বক্তব্য দেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদুল আলম। তিনি জিয়াউর রহমান এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের অভ্যুত্থানে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত জাতীয় ঐক্য, সংহতি ও সম্মিলিত দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিদের দিবসটির চেতনা ধারণ করে দেশ ও প্রবাসী কমিউনিটির কল্যাণ এবং অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।