রোমে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। আজ ৭ নভেম্বর দিবসটি উপলক্ষে দূতাবাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এ ছাড়া একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক অবদান রাখার আহ্বান জানান তিনি।