সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (শনিবার) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।
এরপর দিবসটি উপলক্ষ্যে দূতাবাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত সবাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানান। তিনি ১৯৭৫ সালের এই দিনে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানান জানান। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ এর অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনে জাতীয় জীবনে স্বস্তি আসেনি, দেশে অস্থিতিশীলতা বিরাজ করছিল। সাত নভেম্বরের বিপ্লবের পর জনগণ হাফ ছেড়ে বাঁচে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থিতিশীলতা আনেন, কৃষি বিপ্লব ঘটান এবং খাল খনন কর্মসূচির সূচনা করেন।
সিপাহী জনতার সংহতির ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, জাতির ক্রান্তিকালে জনগণ দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণের ধারাবাহিকতা রক্ষা হয়নি বলেই ২৪ এসেছে। তাই ২৪ এর অভ্যুত্থান পরবর্তী দেশের নেতৃবৃন্দ জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হবেন এমনটাই সবাই আশা করে।
রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশিকে অত্যন্ত পরিশ্রমী এবং কর্মপ্রাণ আখ্যা দিয়ে বলেন, তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অতি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ এবং সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি ডা. গোলাম হাসনাইন সোহান, মামুনুর রশিদ চৌধুরী, হামিদুল হক শামীম এবং বিপ্লব হোসেন আজাদ।
আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ এবং রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশীগন অংশগ্রহণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।