EN ☀️
×

Follow Us

কূটনীতি

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ওপর নিবিড় নজর রাখছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।

গত ৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে এবং ভারত সেগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি।

এদিকে, ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। ওইদিন সকালে রাজধানীর মিরপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানা আংশিক চালু হলে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনায় সরকার পলাতক ফ্যাসিস্ট সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো আন্দোলনে পলাতক সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও বলা হয়েছে।

আরও পড়ুন