চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকায় চীনা মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ এএম
চীনা মন্ত্রী লিউ হাইশিং। ছবি: সংগৃহীত
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রাতে ঢাকা পৌঁছেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পূর্ববর্তী বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন এবং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নিয়ে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় লিউ হাইশিংয়ের বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল হাসান।
সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তিনি দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন।
এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত এই বৈঠক নির্ধারিত রয়েছে।
একই দিনে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তিন দিনের সফর শেষে আগামী ৫ নভেম্বর চীনা মন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।