গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ: শামা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ। দেশের পানির ন্যায্য চাহিদা ও দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার।
সোমবার (২ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং আশাবাদী, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।’
প্রতিমন্ত্রী জানান, চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছেন। আগামী ডিসেম্বরে ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। কমিটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও রয়েছেন।
শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যে আলোচনা চলছে। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য আনুষ্ঠানিক আলোচনাও হবে।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। চুক্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা চলছে।’
আসন্ন আলোচনায় ইতিবাচক ফল আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তার মতে, এর মাধ্যমে গঙ্গার পানি বণ্টনে দুই প্রতিবেশী দেশের সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে।
বিদ্যমান চুক্তি সরাসরি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্ত যুক্ত করে নতুন চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠিত কমিটির পর্যালোচনার ভিত্তিতে সরকার আলোচনার অবস্থান ঠিক করবে।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট থাকবে। একই সঙ্গে দেশের বর্তমান ও ভবিষ্যৎ পানির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমাদের ন্যায্য দাবি এবং বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রয়োজনকে ভিত্তি করেই আলোচনা এগিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ স্বার্থের জন্য সবচেয়ে ভালো হয় এবং পানিসংকট সমাধানে সহায়ক হয়—এমনভাবেই আমরা সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের ডিসেম্বরে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।