দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড। ‘গার্ডিয়ান শার্ক’ নামের এ মহড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।
সোমবার (২ নভেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মহড়ায় খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাসেবা দেওয়ার প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হবে। জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দুই বাহিনীর প্রস্তুতি বাড়ানো এবং যৌথভাবে কাজ করার কৌশল তৈরি করাই এ মহড়ার মূল লক্ষ্য।
মহড়ায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর পদ্ধতি বিনিময় করবেন। পাশাপাশি বাস্তব পরিস্থিতির আদলে তৈরি বিভিন্ন অনুশীলনে অংশ নেবেন তাঁরা। এর মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দুই বাহিনীর দক্ষতা বাড়বে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতির অংশ এ মহড়া। এর মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে। পাশাপাশি একটি মুক্ত, অবাধ, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যও আরও শক্তিশালী হবে।
