EN ☀️
×

Follow Us

কূটনীতি

মালদ্বীপে প্রবাসীদের চাকরির চুক্তিপত্র সংরক্ষণের আহ্বান হাইকমিশনের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

মালদ্বীপে প্রবাসীদের চাকরির চুক্তিপত্র সংরক্ষণের আহ্বান হাইকমিশনের

ছবি: সংগৃহীত

অ অ

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের চাকরির নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় নিয়োগকর্তার সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের অনুলিপি নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে ভ্রমণ ভিসায় মালদ্বীপে গিয়ে কাজ করার চেষ্টা না করার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।

রবিবার (১ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা ও সতর্কবার্তা দিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

চাকরির চুক্তিপত্র সংরক্ষণের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রত্যেক বাংলাদেশি কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের লিখিত চাকরির চুক্তি থাকা বাধ্যতামূলক।

চুক্তিপত্রে কর্মীর কাজের ধরন ও দায়িত্ব, নির্ধারিত বেতন, প্রাপ্য সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্ত স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এসব বিষয় লিখিতভাবে সংরক্ষিত থাকলে কর্মীরা নিজেদের চাকরিসংক্রান্ত অধিকার ও শর্ত সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

হাইকমিশন জানায়, শুধু চাকরির চুক্তি সম্পাদন করলেই হবে না, প্রত্যেক কর্মীকে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে চুক্তিপত্রের একটি অনুলিপি সংগ্রহ করতে হবে। সেটি ব্যক্তিগতভাবে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থানরত সব বাংলাদেশি কর্মীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হাইকমিশনের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে ভ্রমণ ভিসায় মালদ্বীপে গিয়ে কাজ করার বিষয়ে সতর্ক করেছে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ ভিসায় মালদ্বীপে প্রবেশ করে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। এ ধরনের ভিসায় দেশটিতে গিয়ে পরবর্তী সময়ে ওয়ার্ক ভিসা পাওয়ারও সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপে গিয়ে কাজ করার চেষ্টা করলে কারাদণ্ড ও জরিমানার মুখে পড়তে হতে পারে।

তাই মালদ্বীপে যাওয়ার আগে ভিসার ধরন ও সংশ্লিষ্ট নিয়মকানুন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

আরও পড়ুন