জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে গুরুত্ব বাংলাদেশের
অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়নব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে দুই দেশের সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন ও নতুন চুক্তির কার্যক্রমও চলমান রয়েছে।