EN ☀️
×

Follow Us

কূটনীতি

স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদা রহমানের

ডেইলি সান রিপোর্ট, টোকিও

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদা রহমানের

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে চিকিৎসাসেবা, মা ও শিশুর স্বাস্থ্য এবং চিকিৎসা গবেষণার উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার সবার জন্য কম খরচে চিকিৎসা নিশ্চিত করা, সরকারি হাসপাতালের সেবার মান বাড়ানো এবং স্বাস্থ্যকর্মী নিয়োগে কাজ করছে। পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা ও চিকিৎসার সুযোগ বাড়ানো এবং পরিবারকে আর্থিক সহায়তা দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও রয়েছে।

তিনি বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা খুবই জরুরি। বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। দুই দেশের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে চিকিৎসাসেবা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব। 

শিশুদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা ও তাদের মেধা বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ জন্য ভালো শিক্ষা, শক্তিশালী অর্থনীতি এবং দারিদ্র্য ও সহিংসতা থেকে মানুষকে রক্ষা করা প্রয়োজন। সব মানুষের জন্য চিকিৎসা নিশ্চিত করতেও বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি।

বাংলাদেশে মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর অবদানের কথা তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সঠিক স্বাস্থ্যনীতি, চিকিৎসা গবেষণা এবং আধুনিক চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে।

সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিতে থাকা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজের প্রশংসা করে তিনি বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান। নতুন স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় আরও অর্থ ও সহায়তা নিয়ে এগিয়ে আসার অনুরোধও করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাসেবার উন্নয়ন এবং সবার জন্য চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগগুলোতে বাংলাদেশ সরকার পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।

সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সম্মানসূচক চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন