টোকিওতে তারেক রহমানকে গার্ড অব অনার, স্বাগত জানালেন তাকাইচি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম
ছবি: পিএমও
জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৩২ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান তাকাইচি। এ সময় তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে নেমে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
গার্ড অব অনার শেষে জাপানের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। পরে তারেক রহমানও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।
এদিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এর প্রবেশপথের সড়কের দুই পাশে বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা টানানো হয়েছে।
এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরকালে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।