কর্মসংস্থান ও শ্রমিকের কল্যাণে আইএলওর সঙ্গে আলোচনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে আইএলওর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের ভেতরে ও বিদেশে কর্মসংস্থান, শ্রমিকের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় এবং কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাব নিয়েও কথা হয়।
ইসমাইল জবিউল্লাহ শ্রমিকের অধিকার, কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে আইএলওর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার শ্রমিকের সুরক্ষা এবং দেশে-বিদেশে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শ্রমিকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে কর্মক্ষেত্রে এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমবাজারকে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে আইএলওর কারিগরি সহায়তা ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।-6adf503a49671.jpg)
ম্যাক্স টুনন মানসম্মত কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি উপকূলীয় এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, বনায়ন এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়েও আলোচনা করেন। এসব উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
আইএলওর উদ্যোগগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হওয়ায় সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব দেন ম্যাক্স টুনন। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দেন তিনি।
তিনি জিআইইউকে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের দায়িত্ব পালনে আরও সক্রিয় করার পাশাপাশি ইউনিটটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আইএলওর কারিগরি পরামর্শক ও সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি সরকারের সঙ্গে আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
বৈঠকে জিআইইউর মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন এবং আইএলওর বাংলাদেশ কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
