পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী হংকং
ডেইলি সান রিপোর্ট, হংকং
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত
পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী হংকং। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) হংকংয়ের স্কাই সিটি ম্যারিয়ট হোটেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ানের বৈঠক হয়।
বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ, শব্দদূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তিতে সক্ষমতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে হংকংয়ের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বাংলাদেশের কাজে আসতে পারে।
তিনি বলেন, পানি ও শব্দদূষণ জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। এসব দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনা, জনসচেতনতা ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। এ ক্ষেত্রে দুই পক্ষের অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হংকংয়ের মন্ত্রী টিএসই চিন-ওয়ান বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে হংকং আগ্রহী। বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি হংকংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা সম্ভব।
হংকংয়ের এ আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন জরুরি। প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সহযোগিতা বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পারে।
বৈঠকে হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা এবং হংকংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-6ada1a670ac80.jpg)