দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় রিয়াদের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি বাংলাদেশ।
বুধবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবের এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের কূটনৈতিক মিশনকে এ বিষয়ে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট আদালতের রায়ের অনুলিপি, দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অপরাধের সুনির্দিষ্ট বিবরণ এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশি কূটনৈতিক মিশনকে অবহিত না করার কারণ জানতে চেয়েছে।
সৌদি সরকারি গণমাধ্যমের বরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অশালীন বা অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে এক পুরুষ ও এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও জানান, সৌদি সরকারের কাছ থেকে মামলার বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথিপত্র ও আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বাংলাদেশ সরকার।
শ্রমবাজার ও রেমিট্যান্সের দিক থেকে সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমানে দেশটিতে আনুমানিক ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ কারণে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণের পাশাপাশি ঢাকা-রিয়াদ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স