EN ☀️
×

Follow Us

কূটনীতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।

এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে ‘নলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করে দেশটির শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন বলেও বৈঠকে জানানো হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে, নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন