রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বাড়ছে। এ সংকট মোকাবিলায় প্রত্যাবাসন জরুরি।
বুধবার (১৪ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহায়তা চান।
স্পিকার বলেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংস্থাটি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতীয় সংসদের সঙ্গে যুক্ত থেকে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখছে।
সাক্ষাৎকালে স্পিকার বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্ত প্রতিবেদনেও বিগত সরকারের শাসনামলের চিত্র উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে ইউএনডিপি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচিতিমূলক কোর্স ও প্রশিক্ষণ আয়োজনে ইউএনডিপি সহযোগিতা দিতে প্রস্তুত। সংসদ সদস্যদের মাধ্যমে লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন এবং ই-পার্লামেন্ট চালুর বিষয়েও সংস্থাটি আগ্রহী।
সাক্ষাৎকালে বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের জন্য বিভিন্ন কর্মসূচি এবং জ্বালানি ইস্যু নিয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং বিভিন্ন বিলের আলোচনায় নিজেদের মতামত তুলে ধরছে। নারী সংসদ সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় স্পিকার জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে পরবর্তী চার বছরের জন্য নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ ইউএনডিপি ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-6accda9edc1c7.jpg)
