EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি আলোচনায় আসতে পারে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ এএম

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
অ অ

বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনের এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ বাণিজ্যসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্যসংক্রান্ত প্রায় সব বিষয়ই বৈঠকে তোলা হবে বলে প্রতিনিধিদলের একজন সদস্য জানিয়েছেন। তবে ভারতীয় পক্ষ কোন কোন বিষয় তুলবে, তা এখনো জানা যায়নি। তার ভাষ্য, এটি মূলত আলোচনা ও মতবিনিময়ের প্ল্যাটফর্ম; সিদ্ধান্ত নেওয়ার বৈঠক নয়।

প্রতিনিধিদলের ওই সদস্য জানান, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) বাংলাদেশের আলোচ্যসূচিতে নেই। তবে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি আলোচনায় আসতে পারে। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিতে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত বাংলাদেশে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি করেন। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানোও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

বৈঠকে পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দর-সংক্রান্ত জটিলতা এবং বাণিজ্যের বিভিন্ন বাধা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা করা হবে।

আরও পড়ুন