ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না। আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
আইভ্যাক জানিয়েছে, সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতার ওপর নির্ভর করে পরবর্তী দুই সপ্তাহের স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে।
নির্দেশনা অনুযায়ী, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ থাকবে।
আইভ্যাকের গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো আবেদনকারী একই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। শুধু পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোতেই বুকিং করা যাবে।