EN ☀️
×

Follow Us

কূটনীতি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ, সম্পৃক্ততা ও আলোচনা চলমান রয়েছে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিদ্যমান চ্যালেঞ্জগুলো ইতিবাচকভাবে সমাধানের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আলাপ-আলোচনা, ডায়লগ। ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে কথাবার্তা বলতে হবে, ডিপ্লোমেটিক এনগেজমেন্ট থাকতে হবে। সেটি আছে, আলাপ-আলোচনা হচ্ছে। কিছু চ্যালেঞ্জ আছে।’

তিনি বলেন, ‘তবে যেহেতু ডায়ালগ এবং এনগেজমেন্ট আছে, আমরা ইতিবাচকভাবে এসব চ্যালেঞ্জের সমাধানে যেতে পারব। আমি নিশ্চিত, এর একটি ফলাফল আমরা পাব।’

সফরে শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময়ই শীর্ষ পর্যায়ের সংলাপ হবে। তার আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ের আলোচনার মাধ্যমে সফরের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।

আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে সরকার কাজ করছে। বাংলাদেশের অবস্থান ও ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ যথাসময়ে স্পষ্ট হবে বলেও জানান তিনি।

নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন- ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী  ‘বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নিতে হবে।’ বলে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে এ বিষয়ে ব্রিফিং করে সাংবাদিকদের আগে জানানোর আশ্বাস দেন। এসময় প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বস্ত করেন হুমায়ুন কবির।

আরও পড়ুন